
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ সাইদুল ইসলাম তানভীর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করছেন পুলিশ কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন। পরিদর্শনকালে তিনি মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন। এ সময় মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা এবং সিসি ক্যামেরা সচল রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত কোনো সমস্যা বা সন্দেহজনক ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে থানায় জানানোর নির্দেশ দেন।
ওসি মো. মমিন উদ্দিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যদের নজরদারিও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা সবার।” পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর মেহেন্দিগঞ্জ উপজেলায় মোট ২৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশের টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা তৎপরতার মাধ্যমে উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ কাজ করছে। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নিরাপত্তা নিয়ে স্বস্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 


















