
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহর নেতৃত্বে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা যায়, ২৬ সেপ্টেম্বর গভীর রাতে (রাত ১২:০০ টা থেকে ভোর ০৬:০০ টা পর্যন্ত) ফটিকছড়ি থানা ও ভূজপুর থানা পুলিশের যৌথ সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে উপজেলার পৃথক চার স্থান থেকে দেশীয় তৈরি চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক ৪টি মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্তদের পরিচয় ও শাস্তির বিবরণ:
মোঃ শাজাহান (৩৮): পিতা- মৃত আবদুর রশিদ, সাং- ০৪ নং ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
বিজন ত্রিপুরা: পিতা- বিদরায় ত্রিপুরা, সাং- ০৮ নং ওয়ার্ড, যোগ্যাছোলা, মানিকছড়ি — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
মোঃ ইমরান (৩৪): পিতা- মৃত মীর আহম্মদ, সাং- ০১ নং ওয়ার্ড, কাঞ্চননগর — ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
মোঃ কুরবান আলী (৪৫): পিতা- মোঃ শেখ আহমদ, সাং- ০৮ নং ওয়ার্ড, ভূজপুর — ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
অভিযান শেষে আটককৃতদের কাছ থেকে জব্দ করা সমস্ত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 


















