
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিএনপির গাড়িবহরে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২:০০ টায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান ওরফে নান্টু কাজী (৬২), এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাশা (৪৮) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য হানজালা (৩৮)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুরের পাশাপাশি ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলার আসামি নান্টু কাজীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং কার্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় কামাল পাশাকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ধুনট শহরের ডাইম ভবন এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৯ ফেব্রুয়ারি যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে আরেকটি মামলা করেন। ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবালসহ ৯৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হানজালাকে চিকাশী ইউনিয়নের সুলতানহাটা মফিজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, পৃথক তিনটি মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ মঙ্গলবার বেলা ১১:০০ টায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















