
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধুরং খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৪:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চুরহাট এলাকায় ধুরং খাল সংলগ্ন স্থানে ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ধুরং খাল থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেখানে অভিযান চালিয়ে উত্তোলন করা আনুমানিক ১৩,০০০ (তের হাজার) ঘনফুট বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রয় করে অর্জিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার লক্ষ্যে প্রয়োজনীয় নোটিশ জারি করা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকের নাম 



















