
মোঃ রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা পড়েছেন দুই যুবক। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ের পর তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, দামোদরপুর সৌলা গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দামোদরপুর সৌলা গ্রামের বাসিন্দা নূর ইসলাম রাতে তাঁর তিনটি গরু গোয়ালঘরে বেঁধে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্ত দুই ব্যক্তি সুকৌশলে গোয়ালঘরে প্রবেশ করে গরু চুরির চেষ্টা চালায়। এ সময় গোয়ালঘর থেকে শব্দ শুনে নূর ইসলামের ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে হাতেনাতে আটক করেন।
এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গরুর মালিক নূর ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে দুই আসামিকে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় গরু চুরি ও চুরির চেষ্টার ঘটনা রোধে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
প্রতিবেদকের নাম 


















