
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি: চট্রগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে আজ ৪ঠা আগষ্ট ২০২৬ইংরেজী মঙ্গলবার প্রথম অভিভাবক সমাবেশ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির মান্যবর সভাপতি একেএম ছরওয়ার হোসেন স্বপন। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, উপস্থিতি এবং সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে একেএম ছরওয়ার হোসেন স্বপন বলেন, “একটি সমৃদ্ধ ও সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও সমান সচেতন হতে হবে।” তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনব বড়ুয়া সহ সহকারী শিক্ষকবৃন্দ, গভর্নিং বডি/এডহক কমিটির অন্যান্য সদস্য এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। উপস্থিত অভিভাবকগণ বিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক দিক এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।
সমাবেশ শেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদকের নাম 


















