
আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১০৮ বোতল অবৈধ ভারতীয় ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. রমজান আলী (৪২) নামের এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামি বাসসুপারভাইজার মো. রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক নজরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতটির সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুল লতিফ আকন্দ। মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ২ আগস্ট ভোরে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসটির ড্যাশবোর্ডের ভেতর থেকে তিন বোতল ও আনুমানিক এক লিটার তরল ফেনসিডিল এবং একটি স্কুলব্যাগ থেকে আরও ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ছিল ৫৯ হাজার টাকা।
এ ঘটনায় বাসের চালক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিংগানগর এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে রমজান আলী এবং সুপারভাইজার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে রিফাতুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চালক রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তবে রিফাতুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় রমজান আলী পলাতক ছিলেন বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 


















