
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও জোরালো দাবির শেষমেশ বাস্তব প্রতিফলন ঘটলো। ঢাকা-চট্টগ্রাম রুটের অন্যতম জনপ্রিয় আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’-এর যাত্রাপথ এবার সরাসরি পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম না নেমে বা বাস বদলের ঝামেলা ছাড়াই কুমিল্লাসহ দেশের পাঁচটি জেলার যাত্রীরা এখন সরাসরি ট্রেনে চেপেই পৌঁছাতে পারবেন সাগরের নোনা জলে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এক সমারোহের মধ্য দিয়ে এ সম্প্রসারিত সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। নতুন এ রুটে যুক্ত হওয়ার পর সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে কক্সবাজারগামী ট্রেনটি প্রথমবার কুমিল্লা রেলস্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালে স্টেশনে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ঐতিহাসিক এ যাত্রায় প্রথম দিনই কুমিল্লা স্টেশন থেকে ৫৪ জন যাত্রী কক্সবাজারের উদ্দেশে রওনা হন। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় যাত্রীদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।
প্রথম দিনের যাত্রী সাইফুল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, কুমিল্লায় বসে আমরা বহু বছর ধরে স্বপ্ন দেখেছি- একদিন এখান থেকেই ট্রেনে উঠে সরাসরি কক্সবাজার নামবো। আজ সেই স্বপ্ন সত্যি হলো। রেল কর্তৃপক্ষের এই উদ্যোগের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার জানান, রাত বারোটা পেরিয়ে ট্রেনটি যখন স্টেশনে এসে থামে, তখন শুধু যাত্রীরাই নন, স্টেশনে উপস্থিত দর্শনার্থীদের মাঝেও দারুণ এক উন্মুখতা ও উচ্ছ্বাস দেখা যায়। প্রথমযাত্রায় আসন পাওয়া ৫৪ জন যাত্রী অত্যন্ত আনন্দের সাথে ট্রেনে চেপে বসেন। তিনি আরও উল্লেখ করেন, মহানগর এক্সপ্রেসের এই রুট সম্প্রসারণের ফলে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী, এই পাঁচ জেলার অধিবাসীদের কক্সবাজার যাতায়াত কয়েক গুণ সহজ ও আরামদায়ক হয়ে উঠবে। একইসাথে বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের সাথে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অভ্যন্তরীণ পর্যটনে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।
প্রতিবেদকের নাম 


















