
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃত বা জনগণকে তা ভুলিয়ে দেওয়ার কোনো অপচেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো উল্টো সংগ্রাম যদি শুরু হয়ে থাকে, তাহলে মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব। তিনি বলেন, জুলাই আন্দোলনের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ ছিল না। শিক্ষার্থী, তরুণ, শিশু, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অসংখ্য সাধারণ মানুষের সম্মিলিত আত্মত্যাগে আন্দোলন সফল হয়েছে। তাই আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেকেই একেকজন ‘মাস্টারমাইন্ড’। জামায়াত আমির অভিযোগ করেন, যারা আন্দোলনে অংশ নেননি, তারাও এখন নিজেদের আন্দোলনের মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করছেন। আবার ৫ আগস্টের ঘটনাকে যারা একসময় ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহত, আহত ও পঙ্গুত্ববরণ করা মানুষের প্রতি রাষ্ট্রের দায়িত্ব এখনো শেষ হয়নি।
চিকিৎসা, পুনর্বাসন ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের কর্তব্য। থাইল্যান্ডে চিকিৎসাধীন কয়েকজন আহতকে দেখে এসে তিনি বলেন, অনেকেই এমনভাবে আহত হয়েছেন যে তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস সংরক্ষণের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কার কী অবদান ছিল তা যেন আড়াল না হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্ভুল ও গ্রহণযোগ্য ইতিহাস রচনা করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও ১৯৭১ সালের সব শহীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি। একই ভুল যেন ২০২৪ সালের জুলাই বিপ্লবের ক্ষেত্রে না হয়। শহীদ, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি নির্ভুল তালিকা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা প্রয়োজন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করতে হবে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ধরনের দমন-পীড়ন চালানো থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, মেহেরবানি করে জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যাদের আত্মত্যাগের কারণে আজকের পরিবর্তন এসেছে, তাদের রক্ত যেন আর না ঝরে। তিনি আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যের প্রয়োজন হলে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। তবে জনগণের মৌলিক অধিকার বিসর্জন দিয়ে কোনো আপস করা হবে না। দেশের স্বার্থে প্রয়োজন হলে সব ধরনের ত্যাগ স্বীকার করতেও দল প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি।
প্রতিবেদকের নাম 






















