
মোঃরাসেল বিশেষ প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুর্গম ছাইঙ্গ্যা এলাকায় পানিবন্দী ও শ্রমজীবী ২০০টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ছাইঙ্গ্যা এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে বান্দরবান জেলা বিএনপির পক্ষ থেকে বন্যাকবলিত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল ও চিঁড়ে-মুড়িসহ বিভিন্ন শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া হয়।ত্রাণ বিতরণকালে জাবেদ রেজা বলেন, “আকস্মিক বন্যায় পাহাড়ের প্রান্তিক মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বান্দরবানের উপদ্রুত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম শুরু করেছি। বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা বিএনপির এই মানবিক খাদ্য সহায়তা ও পুনর্বাসন তৎপরতা অব্যাহত থাকবে।” তিনি দুর্গম এলাকার বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।ত্রাণ বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বাবু লুসাই মং ও জসিম উদ্দিন তুষার।এছাড়াও বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ পৌঁছানোর এই মানবিক উদ্যোগে অংশ নেন জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, ছরোয়ার জামান, চনুমং মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্যসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিবেদকের নাম 



















