
তানবীরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
বিদায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। এ সময়ে দেশের প্রধান সমুদ্রবন্দরটি সর্বোচ্চ ৩৫ লাখ ৩১ হাজার ১১৩ টিইইউস (TEUs) কনটেইনার হ্যান্ডলিং করেছে। একই সঙ্গে বেড়েছে কার্গো হ্যান্ডলিং, জাহাজ আগমন এবং বন্দরের রাজস্ব আয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।
বন্দর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবর্ষে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউস। সেই হিসাবে বিদায়ী অর্থবর্ষে কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১৩ শতাংশ।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবর্ষে কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। এ সময়ে মোট ৪ হাজার ৩৩৬টি জাহাজ হ্যান্ডলিং করেছে বন্দর, যা আগের অর্থবর্ষের তুলনায় ২৫৯টি বেশি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বিদায়ী অর্থবর্ষে বন্দরে জাহাজের গড় অবস্থানের সময়ও কমেছে। একই সঙ্গে আগের অর্থবর্ষের তুলনায় রাজস্ব আয় ও রাজস্ব উদ্বৃত্ত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বন্দর পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং কার্যক্রমের গতি বাড়ার ফলে এসব ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে।
প্রতিবেদকের নাম 
























