
লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নাটোরের সিংড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিংড়া পৌরসভা হলরুমে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মীসভার আয়োজন করা হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে দলকে সুসংগঠিত রাখতে এবং তৃণমূল পর্যায়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় শৃঙ্খলার কোনো বিকল্প নেই।” নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও ৪ নং কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল ফটিক এবং উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামীম হোসেন ভিপি উপস্থিত ছিলেন।
এছাড়া কর্মীসভায় সিংড়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা অংশ নেন। পাশাপাশি তৃণমূল বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, দলীয় ঐক্য বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সুদৃঢ় সমন্বয় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রতিবেদকের নাম 


















