
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রেললাইন পারাপারের সময় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ছায়রা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৪৯ মিনিটে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর ডাউন লাইনে এ দুর্ঘটনা ঘটে।রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছালে রেললাইন পারাপারের সময় ওই বৃদ্ধা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত ছায়রা গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ছায়রা প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে লালপুরের গোপালপুর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মোছা. আরজেনা বেগম (৫০) ও তাঁর স্বামী আব্দুর রশিদের বাড়িতে বসবাস করে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।মাঝেমধ্যে তিনি বোনারপাড়ায় নিজ বাড়িতে ছেলেদের কাছে বেড়াতে যেতেন। চার দিন আগে তিনি আবার গোপালপুরে ফিরে আসেন।
সোমবার সকালে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তিনি আজিমনগর রেলওয়ে স্টেশনে আসেন। জানা গেছে, ছায়রা দুই কানে শুনতে পেতেন না।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে।
পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















