
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা, বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাত ২.৩০ ঘটিকার সময় লালপুর থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার অমৃতপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফরহাদ আলী (১৯), পিতা-ইয়াদ আলী, সাং-অমৃতপাড়া, মো. উজ্জল হোসেন (৩৩), পিতা-নিয়ত আলী, সাং-অমৃতপাড়া, মো. নাফিজ আলী (১৯), পিতা-মৃত গোলাম মোস্তফা, সাং-অমৃতপাড়া, মো. রাশিদুল ইসলাম (২০), পিতা-মোঃ আয়েজ উদ্দিন, সাং-অমৃতপাড়া, মো. কাইয়ুম আলী (২৬), পিতা-মোঃ হাসেম আলী, সাং-গৌরিপুর, সর্বথানা- লালপুর, জেলা- নাটোর
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে লালপুর থানাধীন অমৃতপাড়া সাকিনস্থ জনৈক ইয়াদ আলীর বসতবাড়ির পূর্ব দুয়ারী ঘরের ভেতর অভিযান চালায় পুলিশ। এ সময় অনলাইন জুয়া পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণায় যুক্ত থাকা অবস্থায় ওই ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় লালপুর থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ এবং জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর ১৬/১৭/১৯/২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। লালপুর থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার (২৮ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। সাইবার অপরাধ ও জুয়া দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 


















