
মোঃ কাইয়ুম হাসান স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার ঠুমনিয়া (কঞ্চিপীর-মনাভিটা) গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আকস্মিক বজ্রপাতে একটি গরু মারা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আকাশে মেঘ জমলেও তখনও বৃষ্টি শুরু হয়নি। এমন সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সবার চোখের সামনেই গরুটি মারা যায়। গরুটির কাছাকাছি আরেকটি গরু বাঁধা থাকলেও সেটির কোনো ক্ষতি হয়নি। ঘটনার সময় আশপাশের জমিতে কৃষক ও শ্রমিকরা কাজ করছিলেন। কেউ ঘাস কাটছিলেন, কেউ মরিচ তুলছিলেন। বজ্রপাতের স্থান থেকে অল্প দূরত্বে মানুষ অবস্থান করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বজ্রপাতের পরও এলাকায় বৃষ্টিপাত হয়নি। বৃষ্টি শুরুর আগেই আকস্মিক এ বজ্রপাতের ঘটনায় গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষের উপস্থিতির মধ্যেও কোনো প্রাণহানি না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী।
প্রতিবেদকের নাম 


















