
তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। সেখানে তিনি হাঁটুপানিতে নেমে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করেন।পরিদর্শনকালে তিনি দেখতে পান, উপজেলার অনেক বসতবাড়ি এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। অসংখ্য পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সেবার সংকটে মানবেতর জীবনযাপন করছে। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি নৈতিক কর্তব্যও। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অতীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা জনগণের সম্পদ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের ক্ষতি করেছে। এখন প্রয়োজন দল-মত নির্বিশেষে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখা। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ, আর্থিক সহায়তা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। জানা গেছে, চট্টগ্রামে চলমান বন্যা ও ভূমিধসে বহু মানুষ প্রাণহানি, ঘরবাড়ি ও ফসলের ক্ষতির শিকার হয়েছেন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন এলাকা এখনো পানিবন্দি রয়েছে এবং জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত। বাঁশখালী পরিদর্শনের পাশাপাশি বিরোধীদলীয় নেতা সাতকানিয়া ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন। এসব এলাকায় তিনি দুর্গত মানুষের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
ডা. শফিকুর রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলামসহ মহানগরী ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিবেদকের নাম 




















