
মোঃ হিমেল হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলাকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এক মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং পারিবারিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আজ শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় বদলগাছী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এছাড়াও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. হারুন অর রশিদ,
নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক (নান্নু), জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক দুলু, আদিবাসী এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় অংশগ্রহণকারীরা বদলগাছী থেকে মাদকের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের দায়িত্ব, সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিবেদকের নাম 


















