
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল বারী, শিক্ষক আবু রায়হান, সহকারী অধ্যাপক হাসিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে দেশ, জাতি, বিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রতিবেদকের নাম 


















