
জাহিদ হোসাইন, দিনাজপুর (নবাবগঞ্জ) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে বর্তমান সরকারের ‘৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর’ প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণে অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান এবং রোপণ করা গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং অনলাইন জুয়ার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে পান, বিড়ি ও সিগারেটের দোকান না রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা । তারা শিক্ষার্থীদের পরিবেশ সচেতন হয়ে গাছ লাগানো এবং সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
প্রতিবেদকের নাম 



















