
বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:- ফটিকছড়িতে সাংবাদিকদের হুমকির প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের সভা চট্টগ্রামের ফটিকছড়িতে ‘সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন’–সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে যুবদল নেতা রশিদ চৌধুরীর বিরুদ্ধে দৈনিক মানবকণ্ঠের ফটিকছড়ি প্রতিনিধি শাহনেওয়াজ নাজিমকে প্রকাশ্যে হত্যার হুমকি, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং মানহানিকর অপবাদ দেওয়ার অভিযোগে প্রতিবাদ সভা করেছে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব।রোববার (২১ জুন) সন্ধ্যায় কলেজ মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী। ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মনসুরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ, সহ-সভাপতি ইকবাল হোসেন মঞ্জু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন জিকু এবং সহ-সম্পাদক মো. জিপন উদ্দিন। সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মাসখানেক আগে সাংবাদিক সালাহউদ্দিন জিকু এবং পরবর্তীতে সাংবাদিক নুরুল আবছার নূরী পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্তার শিকার হন। সর্বশেষ ১৯ জুন যুবদল নেতা আহমদ রশিদ চৌধুরীর হাতে সাংবাদিক শাহনেওয়াজ নাজিম লাঞ্ছিত হওয়ার ঘটনায় এলাকায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সভায় ক্লাবের সহ-সভাপতি ইকবাল হোসেন মঞ্জু বলেন, “সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি ও লাঞ্ছিত করার ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। এ ধরনের সন্ত্রাসী আচরণের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ বলেন, “হুমকি, ভয়ভীতি কিংবা অপপ্রচার চালিয়ে সাংবাদিকদের কলম কখনো থামানো যাবে না। সত্য ও জনস্বার্থের পক্ষে সাংবাদিকরা অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। সমাপনী বক্তব্যে সভাপতি আহমদ আলী চৌধুরী বলেন, “যারা সংবাদকে ভয় পায়, তারাই সাংবাদিককে হুমকি দেয়। সত্য প্রকাশের দায়ে কোনো সাংবাদিককে অপমান, হুমকি বা হয়রানি করা হলে ফটিকছড়ির সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবে। বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি, লাঞ্ছনা ও অপবাদ দেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ সেলিম, রফিক তালুকদার, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, সাইফুল ইসলাম, সিরাত মঞ্জুর, নুরুল আবছার নূরী, নাজমুল তারেক,মোঃ নেজাম উদ্দিন সহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
প্রতিবেদকের নাম 
























