
কায়সার আশ্রাফীঃ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহার তৃতীয় দিনে বাগেরহাট জেলার ফোরাম, চট্টগ্রামের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কলসী দিঘীর পাড়স্থ অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলামের চেম্বারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ফোরামের আহ্বায়ক মোল্লা মো. সরোয়ার হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মিলিত পল্লী চিকিৎসক দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এস. এম. মারুফ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন এস. এম. শাহিন আলম, মোহাম্মদ রাসেল মোল্লা, মোহাম্মদ রুবেল শিকদার, মোহাম্মদ উজ্জ্বলসহ সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
ঈদের এ মিলনমেলায় অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে অতি শিগগিরই কার্যক্রম শুরু করার বিষয়ে মতবিনিময় হয়।
বক্তারা বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হতে পারে। তারা মানবিক মূল্যবোধসম্পন্ন একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সৌজন্যে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। শেষে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রতিবেদকের নাম 



















