
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ির সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে দিকনির্দেশনা দেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ফটিকছড়ি উপজেলা পরিষদের ‘বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল’-এ অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই জোড়া সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
সভায় উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, সার্বিক জনসেবা কার্যক্রম, পরিবেশ ও নদী রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং দাপ্তরিক কাজের গতিশীলতা আনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে প্রশাসনিক সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।
উক্ত সভাদ্বয়ে অন্যান্যদের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















