
এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বিএনপি সরকার দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। তিনি বলেছেন, নবীন শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। তারা আগামীতে রাষ্ট্রের অগ্রগতিতে ভূমিকা রাখবে। ৪ নভেম্বর (বুধবার) বগুড়া সদর উপজেলার কৈচড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। ক্যাম্পাসে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমপি বাদশা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীদের সুবিধা ও সার্বিক শিক্ষার মানোন্নয়নে অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। শিক্ষকদের পেশাগত দক্ষতা, মর্যাদা, আধুনিক অবকাঠামো নির্মাণ, স্মার্ট শ্রেণিকক্ষ এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করব।
নবীনবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম। সভাপতিত্ব করেন কৈচড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মো. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে শিক্ষা দিতে হবে। মা-বাবা অনেক কষ্ট করে, বুকভরা আশা নিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়া করাচ্ছেন। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিখনফল নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেশার প্রতি ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে শিক্ষাজীবনে সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিরা।
প্রতিবেদকের নাম 



















