
হিলি, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় অনুমোদিত সীমার বাইরে রাসায়নিক সার মজুতের অভিযোগে দুই সার ডিলারের গুদামে অভিযান চালিয়ে মোট ৬৫৭ বস্তা সার জব্দ করেছেন উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।ভ্রাম্যমাণ আদালতে দুই ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে একটি গুদাম সিলগালা করা হয়েছে। অভিযান সূত্রে জানা গেছে,টংগুয়া বাজারের বিসিআইসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে গুদাম থেকে ২০৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। জব্দ করা সারের মধ্যে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া এবং ৫৮ বস্তা এমওপি। প্রতিষ্ঠানটির সার ডিলার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি ডিলার পয়েন্ট পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দ করা সার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে,পাকেরহাট এলাকায় মেসার্স মহাদেব ট্রেডার্সের গুদামে অভিযান চালায় জেলা ও উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি বিভাগ। গুদাম থেকে মোট ৪৫০ বস্তা সার উদ্ধার করা হয়। এর মধ্যে নোয়াপাড়া গ্রুপের ক্রয় করা ৩০০ বস্তা এমওপি, বিএডিসি গ্রুপের ৫০ বস্তা এমওপি এবং ১০০ বস্তা ডিএপি সার রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
প্রতিষ্ঠানটির মালিক বিএডিসির নিবন্ধিত সার ডিলার মহিতোষ চন্দ্র চন্দকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুদামটি সিলগালা করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদনান কবির উদয় এবং খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ থানা পুলিশ ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,সার মজুত ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলতে ডিলারদের একাধিকবার সতর্ক করা হয়েছে। এরপরও অনুমোদিত সীমার বাইরে সার সংরক্ষণ করায় কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার জানান,টংগুয়া বাজার থেকে জব্দ করা ২০৭ বস্তা সার আগামীকাল স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকেরহাট থেকে জব্দ করা সারও প্রচলিত নিয়ম ও সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হবে।
প্রতিবেদকের নাম 




















