
উলিপুর উপজেলা প্রতিনিধি : মোঃ হাসিবুর রহমান: কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী বলেছেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সমাজের বিভিন্ন সমস্যা ও ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে বৈষম্যহীন ও আধুনিক উলিপুর গঠনে ভূমিকা রাখতে হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় গুণীজন সেন্টারে উলিপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উলিপুরের সার্বিক উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরা উলিপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। সংসদ সদস্য ধৈর্যসহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের মাধ্যমে উলিপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উলিপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিবেদকের নাম 


















