
এম. আজাদ খান,স্টাফ রিপোর্টার, বগুড়া: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ও দাড়িদহে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দাড়িদহের মোমেনা বক্কর কৃষি কলেজে আয়োজিত এ ক্যাম্পে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা বিতরণসহ অপারেশনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের নির্দেশনায় গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক।
আয়োজকেরা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভোগা অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। যেসব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তাঁদের পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রত্যন্ত এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প আয়োজনের ফলে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হয়েছেন। বিশেষ করে চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা পাওয়ায় তাঁদের চিকিৎসাব্যয় কমেছে। আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদকের নাম 


















