
মোঃ রাসেল মিয়া, গাইবান্ধা
বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, টাকা উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার উত্তর সাথালিয়া গ্রামের বাসিন্দা মো. মাসুদ রানা।
বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুরে সাঘাটা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, একই গ্রামের মো. মোসলেম উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. বিপ্লব (৩০) তাকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময় প্রলোভন দেখান। তাদের কথায় বিশ্বাস করে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর নিজ বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীদের উপস্থিতিতে তিনি নগদ ৭ লাখ টাকা তাদের হাতে তুলে দেন।
তিনি দাবি করেন, টাকা গ্রহণের সময় অভিযুক্তরা ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ছয় মাসের মধ্যে বিদেশে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিদেশে পাঠানো তো দূরের কথা, টাকাও ফেরত দেননি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে তাকে ঘুরিয়ে রাখা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পরে অভিযুক্ত বিপ্লব তার পাওনা টাকার আংশিক হিসেবে ৪ লাখ টাকার অগ্রণী ব্যাংক, সাঘাটা শাখার একটি চেক দেন। কিন্তু ব্যাংকে জমা দিলে হিসাব নম্বরে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়।
মাসুদ রানা অভিযোগ করেন, এরপর পাওনা টাকা চাইলে অভিযুক্তরা টাকা পরিশোধ না করে তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
তিনি আরও বলেন, গত ১০ জুলাই ২০২৬ সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি মোসলেম উদ্দিনের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। এ সময় অভিযুক্তরা তাদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ এবং মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ সময় ভবিষ্যতে টাকা চাইতে গেলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মাসুদ রানা জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর তাদের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় মো. আনন্দ, মোছা. সপ্না বেগম ও মোছা. ফেন্সি বেগমসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৭ লাখ টাকা উদ্ধার, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার অভিযোগ ও ন্যায়বিচারের দাবির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরলে তিনি বিচার পাওয়ার আশা করছেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















