
নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক কর্মপরিষদ বৈঠক ৫ আগস্ট বুধবার সকাল ৯ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, দিদারুল আলম, মাওলানা শফিউল হক জিহাদী, জাকির হোছাইন প্রমুখ। বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ২০২৪-এর পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা গদি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। দেশ ও জাতির জন্য এই দিন খুবই তাৎপর্যপূর্ণ। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ সাড়ে পনেরো বছরের জুলুম-নির্যাতন-নিষ্পেশন থেকে মুক্তি লাভ করে। স্বাধীনতা-সার্বভৌমত্ব সংহত হয়। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার পুনরুদ্ধার হয়। গুম-খুনের বদনাম গুছিয়ে একটি শান্তি, সমৃদ্ধির পথ রচিত হয়। হতাশায় নিমজ্জিত তরুণরা নতুন করে নিজেদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা উচ্চকিত হয়। সকল দল ও মতের মতামতের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বুকে ধারণ করে একটি জুলাই সনদ রচিত হয়। সেই সনদের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য এ সকল অর্জন ও প্রত্যাশা এখনো অধরা রয়ে গিয়েছে। জুলাই আন্দোলন কে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলমান রয়েছে। ইনিয়ে-বিনিয়ে অভ্যুত্থানের পর ক্ষমতার স্বাদ পাওয়া বিএনপি জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদী আচরণের দিকে ধাবিত হচ্ছে। আমরা মনে করি এদেশের বুকে যারা জুলাই এনেছিল তারা এখনো জাগ্রত। জুলাইয়ের শহীদরা আমাদের প্রেরণা। ফ্যাসিবাদের প্রতিটি ক্ষত এখনো শুকায় নি। সুতরাং জুলাই অভ্যুত্থান কে যারা ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। আমরা আজকের এই বিজয়, স্বস্তি ও নিরাপত্তার দিন আনতে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছি। শহীদের জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। আসুন বিভেদ আর বিভক্তি নয়, ঐক্যবদ্ধভাবে জনমানুষের প্রত্যাশার আলোকে একটি নতুন ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করি।
প্রতিবেদকের নাম 



















