
এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে আন্দোলনের সূত্রপাত হয়। পরে ধীরে ধীরে আন্দোলন ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন এলাকায়। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে এসে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের মৌচাক, সফিপুরসহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের এসেনশিয়াল গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। পরে এ আন্দোলন আশপাশের অন্যান্য পোশাক কারখানার শ্রমিকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকার গার্মেন্টস শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়কে কাঠের গুড়িতে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বিক্ষোভকারীরা।
শ্রমিকদের প্রধান দাবি, তাঁদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তাঁদের অভিযোগ, বর্তমান বেতন দিয়ে ক্রমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, খাবার খরচ, চিকিৎসা ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় অন্যান্য খরচ মেটানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনের জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই তুলনায় তাঁদের আয় বাড়ছে না। ফলে স্বল্প বেতনে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে গিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়ছেন তাঁরা।
বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, একজন শ্রমিকের প্রতিদিনের খাবার খরচ, বাসাভাড়া, যাতায়াত, চিকিৎসা ও পরিবারের অন্যান্য ব্যয় সহ ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে।
প্রতিবেদকের নাম 



















