
কায়সার আশ্রাফীঃ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রাম, ১ জুলাই : বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমর বিন নূরুল আবছারের কবর জিয়ারত করেছেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। তাদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার, ন্যায়বিচার ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বোয়ালখালী থানা জামায়াতের আমীর খোরশেদ আলমসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মাত্র ২২ বছর বয়সে শাহাদাতবরণকারী ইঞ্জিনিয়ার মো. ওমর বিন নূরুল আবছারের স্বপ্ন ছিল বিমান প্রকৌশলী (Aeronautical Engineer) হওয়া। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করার মাত্র তিন মাস আগে তিনি আন্দোলনে অংশ নিয়ে শাহাদাতবরণ করেন। আন্দোলনের সময় ১৮ জুলাই রাবার বুলেটে আহত হওয়ার পর ৫ আগস্ট ২০২৪ (চব্বিশের ৩৬ জুলাই) উত্তরার জসিমউদ্দীন রোডে বিজয় মিছিলে গুলিবিদ্ধ হন। পরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে তিনি শাহাদাতবরণ করেন। দেশের তৎকালীন পরিস্থিতির কারণে পরিবারের সদস্যরা ঢাকায় যেতে না পারলেও তাঁর বন্ধু ও সহপাঠীরা মরদেহ চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের আকুদণ্ডি গ্রামের বাড়িতে পৌঁছে দেন। পরে সেখানেই তাঁকে দাফন করা হয়।
প্রতিবেদকের নাম 

















