
তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় পর্যায়ের ক্রীড়া কার্যক্রম। শুক্রবার (৬ নভেম্বর) শীলকূপ ইউনিয়ন পরিষদের আয়োজনে এ ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইউনুছ, শীলকূপ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রবিউল আলম, শীলকূপ শ্রমিকদলের আহ্বায়ক ফজল কাদের, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সমাজসেবক ওমর আলী ও এনামুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি এনামুল হক রাহাত, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, শীলকূপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরুন জয়ধর এবং বাঁশখালী উপজেলা যুবদলের ইসকান্দর মির্জা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁশখালী উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। এ ধরনের আয়োজন প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করবে। তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
এবারের ক্রীড়া কার্যক্রমে মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, দৌড় প্রতিযোগিতা, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, ভলিবল, উচ্চলম্ফ, দীর্ঘলম্ফ ও সাঁতার প্রতিযোগিতা।
ক্রীড়া কার্যক্রমকে ঘিরে স্থানীয় শিশু-কিশোর, তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন খেলাধুলা ও আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিবেদকের নাম 



















