
এম. আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া:বগুড়ার সোনাতলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। এ সময় তাঁদের মারধর করে আটক করা আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একদল লোকের বিরুদ্ধে। হামলাকারীরা পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমন (৩৬) একটি প্রতারণা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ওই পরোয়ানার ভিত্তিতে শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে তাঁকে গ্রেপ্তার করতে যান।
পুলিশ সদস্যরা গোলাম কবির সুমনকে আটক করে পিকআপ ভ্যানে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় একদল লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালান বলে জানা গেছে। হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে তাঁদের কাছ থেকে আটক সুমনকে ছিনিয়ে নিয়ে যান। একপর্যায়ে পুলিশের পিকআপ ভ্যানেও ভাঙচুর চালানো হয়।
ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনার পর বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদকের নাম 


















