
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার ২ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ট্রেনিং সেন্টারে এ স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-০২, ইকুরিয়া, কেরানীগঞ্জের উদ্যোগে এবং সিআইপিআরবির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমের মূল লক্ষ্য ছিল সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পেশাদার মোটরযান চালকদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা।
স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের আওতায় পেশাদার চালকদের ডায়াবেটিস, দৃষ্টিশক্তি ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখা, শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা মনে করেন, একজন চালকের শারীরিক সুস্থতা ও দৃষ্টিশক্তি সড়ক নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অসুস্থতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা দৃষ্টিশক্তির সমস্যার কারণে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। তাই পেশাদার চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে চালকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ যানবাহন চালনায় সচেতনতা তৈরির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সুস্থ চালক, নিরাপদ সড়ক এ স্লোগানকে সামনে রেখে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 
























