
এস কে শুভ, গাজীপুর জেলা প্রতিনিধি: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সকাল থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের ওপর অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্সের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন ধরিয়ে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 








