
এম. আজাদ খান, স্টফ রিপোর্টার, বগুড়া:
বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হওয়ার সময় এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। একই ঘটনায় ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সরকারি সফরে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজাকে দেখতে পেয়ে তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণীও ছিলেন।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। এদিকে, দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ফিরোজা নামের ওই বধির বৃদ্ধা নারীও কিছুটা আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।
প্রতিবেদকের নাম 

















