
(এস কে শুভ) স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মহানগরীর পূবাইলের কলেজগেট (মাইজগাঁও) এলাকায় একটি তেল উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুরে অটো গ্রীন অয়েল কোম্পানি নামের কারখানাটিতে আগুন লাগলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের তৎপরতায় প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টা ১০ মিনিটের দিকে কারখানার একটি বয়লার বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. সবুজ মিয়া জানান, বয়লার বিস্ফোরণের কারণে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, একই স্থানে অবস্থিত কারখানাটিতে অতীতেও ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০১৬ সালের ২৩ জানুয়ারি তখনকার স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে বয়লার বিস্ফোরণের ঘটনায় ছয় শ্রমিক নিহত হন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কারখানাটিতে পুরোনো ও পরিত্যক্ত টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করা হয়।
প্রতিবেদকের নাম 


















