
এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ার সোনাতলা উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের দাদা মো. তোজাম আকন্দ বাদী হয়ে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী গ্রামের বাসিন্দা ১৩ বছর বয়সী ওই স্কুলছাত্রী গত ২৯ মে সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির পেছনের রাস্তার পাশে ঘোরাফেরা করছিল। এ সময় অভিযুক্ত মো. ইমরান হোসেন (১৮) প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ফুঁসলিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহার সুত্রে আরও জানা যায়, ইমরান হোসেন অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের সহযোগিতায় এবং অপর অভিযুক্ত সোহাগ হোসেন (২৮), রুবেল হোসেন (৩০) ও শাহীন হোসেনের যোগসাজশে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
মামলায় অভিযুক্তরা হলেন— মো. ইমরান হোসেন (১৮), সোহাগ হোসেন (২৮), রুবেল হোসেন (৩০) ও শাহীন হোসেন (৩২)। তারা সবাই সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ভিকটিমের দাদা মো. তোজাম আকন্দ বাদী হয়ে সোনাতলা থানায় মামলা নং-০২, তারিখ ১ জুন ২০২৬ দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকের নাম 



















