
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”— এই স্লোগানকে বুকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলা দেশের অন্যতম শীর্ষ স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ পা রাখলো ১০ম বছরে। ২০১৬ সালের ৩ জুন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ ফরিদ উদ্দিন মিলনের হাত ধরে যে যাত্রার শুরু হয়েছিল, তা আজ দেশজুড়ে এক বিশাল সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। প্রতিষ্ঠার এই এক দশক পূর্তির বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং জনসচেতনতা বাড়াতে রাজধানীর হাইকোর্টের সামনে এক ব্যতিক্রমী মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির সদস্যরা।
আজকের এই মানববন্ধনে অংশ নেন সংগঠনের একঝাঁক দেশপ্রেমিক তরুণ-তরুণী। হাইকোর্ট সংলগ্ন রাস্তায় মেট্রোরেল লাইনের নিচে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সবুজ টি-শার্ট পরিহিত স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড প্রদর্শন করেন। প্লেকার্ডগুলোতে শুধু চারপাশের পরিচ্ছন্নতাই নয়, বরং একটি আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনের আকুলতা ফুটিয়ে তোলা হয়েছে।
স্বেচ্ছাসেবকদের হাতের প্লেকার্ডগুলোতে লেখা ছিল:
”মানবিক বাংলাদেশ চাইতে এসেছি”, ”পরিচ্ছন্ন বাংলাদেশ চাইতে এসেছি”, ”দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইতে এসেছি”, ”হিংসামুক্ত বাংলাদেশ চাইতে এসেছি”, ”মানুষের প্রতি মানুষের সম্মান চাইতে এসেছি”, ”দায়িত্বশীল বাংলাদেশ চাইতে এসেছি”, ”ধর্ষণমুক্ত বাংলাদেশ চাইতে এসেছি”, ”হর্নমুক্ত বাংলাদেশ চাইতে এসেছি”, ”প্রতিহিংসাবর্জিত বাংলাদেশ চাইতে এসেছি”, ”৩ জুনকে ‘পরিচ্ছন্ন দিবস’ করতে এসেছি”
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ ফরিদ উদ্দিন মিলনের দূরদর্শী নেতৃত্বে এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাহামুদুর রহমানের সুদক্ষ পরিচালনায় বিগত ৯ বছরে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বিডি ক্লিন ব্যাপক সাড়া ফেলেছে। ময়লা-আবর্জনা মুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশপ্রেমের উদ্বুদ্ধ করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে সংগঠনের প্রধান সমন্বয়ক মাহামুদুর রহমান বলেন, ”আমরা শুধু রাস্তাঘাট পরিষ্কার করতেই আসিনি, আমরা মানুষের মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজ ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের এই মানববন্ধন মূলত একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান।”
হাইকোর্টের সামনে আজকের এই মানববন্ধনে পথচারী ও সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ ও সংহতি লক্ষ্য করা গেছে। সচেতন মহলের প্রত্যাশা— তরুণদের এই সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ পথচলার ধারাবাহিকতা বজায় রেখে বিডি ক্লিন আগামী দিনে একটি সম্পূর্ণ পরিচ্ছন্ন, বৈষম্যহীন ও আদর্শ বাংলাদেশ উপহার দেবে।
প্রতিবেদকের নাম 

























