
নাজমুল ফয়েজ টুটুল, প্রতিবেদক, হোসেনপুর: কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার পরিকল্পিত নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন’ প্রকল্পের আওতায় এক গুরুত্বপূর্ণ পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে পৌরসভা সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব মহসি মাসনাদ।
সভায় প্রধান বক্তা হিসেবে মহাপরিকল্পনার কারিগরি দিক ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন পরামর্শক প্রতিষ্ঠান ‘ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেড’-এর প্রতিনিধিগণ। সভায় বক্তারা বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই। এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুবিধাসমূহকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন। এছাড়া সভায় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে জনাব মহসি মাসনাদ বলেন, “হোসেনপুরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে এই মহাপরিকল্পনা অত্যন্ত সহায়ক হবে। জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি পরিকল্পিত নগরী বাস্তবায়ন করতে চাই।”
সভায় উপস্থিত অংশীজনরা পৌরসভার উন্নয়নে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
প্রতিবেদকের নাম 

















