
মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা, প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া নোয়াখালীর হাতিয়া উপজেলার মৌলভী চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহভাজন স্টিল বডি ট্রলার গতিবিধি দেখে কোস্ট গার্ড সদস্যরা সেটিতে তল্লাশি চালান।
তল্লাশিকালে ট্রলারটি থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দসহ তিন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সিমেন্ট, ট্রলার ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিবেদকের নাম 



















