
মোঃ শাহেদ উদ্দিন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কমিউনিটি পুলিশ, সুবর্ণচর উপজেলা শাখার আয়োজনে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত এ কাবাডি প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার জনাব আকিব ওসমান, চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি), সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসাইন সুমন, চরবাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জনাব দিদারুল আলম সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন সাকিল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব বলেও তারা উল্লেখ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত দর্শকরাও আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিবেদকের নাম 


















