
ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে শুরু হলো ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬। আজ ( রোববার ১৯ এপ্রিল) সকাল ১১ টায় সিরাজগঞ্জ কালেক্টর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ (অতিরিক্ত সচিব)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী ডেমো-প্রোজেক্ট পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও নতুন কিছু উদ্ভাবনের জন্য উৎসাহ দেন।
তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যেই ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক লুকিয়ে রয়েছে। তাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশ প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে যাবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জনে সহায়ক এবং তাদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব সৃষ্টি করে।
তিনি আরও জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেলায় অংশগ্রহণ করেছে এবং নিজেদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের সুযোগ পেয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হচ্ছে।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং পরিবেশবান্ধব ধারণা উপস্থাপন করেন। দর্শনার্থীদের মধ্যে এসব প্রকল্প ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো মেলা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, কয়েকদিনব্যাপী এ বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রতিযোগিতা, প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রতিবেদকের নাম 


















