
ধামরাই প্রতিনিধি : সোহেল আমিন
ঢাকা জেলার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা জেলা ডিবি (উত্তর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের বেদেপল্লী এলাকা থেকে মো. ফরহাদকে (২৮) ১০০ পিস ইয়াবাসহ (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকা থেকে ১০০ পিস গোলাপি ইয়াবাসহ গ্রেপ্তার হন মো. সুজল খান (৩২)।
পরবর্তীতে রাত ১১টা ১০ মিনিটে সাভারের খাগান এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন (৩৯) ও আসাদুল ইসলামকে (৪১) ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত তাদের দুই লাখ টাকা মূল্যের একটি Pulsar NS160 মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
ডিবির তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মনিরের বিরুদ্ধে তিনটি এবং আসাদুলের বিরুদ্ধে পূর্বে সাতটি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 



















