
অনলাইন ডেস্ক: ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিন্যালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে। আজ রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ে সাংবাদিকরা স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। তবে কৃষির বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করেন উপদেষ্টা। উপদেষ্টা আরও বলেন, গতবারের চেয়ে এবার ধানের উৎপাদন ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ। তবে আলুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আলু চাষিরা এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য সরকারের আলু চাষিদের প্রণোদনা দেয়ার চিন্তা-ভাবনা আছে।
পেঁয়াজসহ অন্যান্য ফসলের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, এবার পেঁয়াজের উৎপাদন ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শাক-সবজির উৎপাদনও প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার চাইছে যেন পুরো মৌসুমজুড়ে সবজির দাম সহনীয় থাকে। এছাড়া সরিষা উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৮৬ শতাংশ। এসব সংরক্ষণে সরকার কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়াচ্ছে। সারের মজুদ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি নন ইউরিয়া সার মজুদ আছে। ১৯৬১ সালের পর এর এটি সবচেয়ে বেশি মজুদ।
প্রতিবেদকের নাম 























