
মোঃ রাসেল মিয়া: গাজীপুর মহানগর মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর শিরিন চাকলাদারকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মূল্যায়নের দাবি উঠেছে। দীর্ঘ তিন দশকের রাজনৈতিক ত্যাগ ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর এই আবেদন জানিয়েছেন।তৃণমূল সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে রাজনীতিতে আসা শিরিন চাকলাদার ২০১৪ সালের ৯ নভেম্বর মিছিলে পুলিশের বর্বরোচিত হামলার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেন। সে সময় তিন পুলিশ সদস্য মিলে তার হাত ও কোমরের হাড় ভেঙে দেয় এবং ছররা গুলিতে তাকে মৃতপ্রায় অবস্থায় ফেলে রাখা হয়। তার এই আত্মত্যাগের ছবি ওই সময় জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়েছিল।
রাজনৈতিক জীবনে শিরিন চাকলাদার ও তার পরিবার চরম দমন-পীড়নের শিকার হয়েছে। তিনি নিজে কারাবরণ করেছেন এবং তার দুই ছেলে প্রিতম ও পিয়াস চাকলাদারের নামে ডজনখানেক রাজনৈতিক মামলা রয়েছে। এমনকি তার পুত্রবধূ স্বর্ণা চাকলাদারও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন। গত সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে আনুগত্যের পরিচয় দিয়েছেন তিনি। গাজীপুর তৃণমূলের নেতাকর্মীদের মতে, দীর্ঘ ১৭ বছর হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েও শিরিন চাকলাদার আদর্শচ্যুত হননি। রাজপথের এই নিবেদিতপ্রাণ নেত্রীকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত করা হবে তার ত্যাগের প্রকৃত সম্মান। বর্তমানে দলীয় শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তার সমর্থক ও সাধারণ কর্মীরা।
প্রতিবেদকের নাম 

















