
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার ঈশ্বরদী – লালপুর – বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলী উধনপাড়া (হাজির মোড়) গ্রামের মৃত জুড়ান মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাদেক আলী ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী ‘তাজ এন্টারপ্রাইজ’-এর একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (কুমিল্লা – ছ ৭১-০০৩৮) পেছন থেকে তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. সুরুজ্জামান শামীম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদকের নাম 









