
ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫৯নং পূর্ব মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (১৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান ছুটিতে থাকলেও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা নির্ধারিত সময়ের অনেক পরে বিদ্যালয়ে উপস্থিত হন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দায়িত্ব পালন করার কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে উপস্থিতির চিত্রে দেখা যায়, সহকারী শিক্ষিকা শামীমা খাতুন সকাল ৯টা ২০ মিনিটে, মোছাঃ তামান্না খাতুন ৯টা ৩২ মিনিটে এবং মোছাঃ পপি খাতুন ৯টা ৫০ মিনিটে বিদ্যালয়ে আসেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে মোট ২০৯ জন শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থীদের অভিযোগ, সহকারী শিক্ষিকা তামান্না খাতুন, পপি খাতুন এবং প্রধান শিক্ষক জিয়াউর রহমান প্রায়ই দেরিতে বিদ্যালয়ে আসেন। এর ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান মুঠোফোনে বলেন, “মাঝেমধ্যে কিছুটা দেরি হয়, তবে প্রতিদিন নয়।”
অভিযোগের বিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামীমা সুলতানা বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। দ্রুতই সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শোকজ নোটিশ প্রদান করা হবে।”
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 


















