
রিপন আহমদ- মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ‘বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর ২০২৬, শনিবার মৌলভীবাজারের শহীদ মিনার এলাকার উন্মুক্ত স্থানে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এই ব্যতিক্রমী উৎসবের উদ্বোধন করেন। মোবাইল বা ডিজিটাল ডিভাইসের আসক্তি কমিয়ে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে এই আয়োজনটি করা হয়।মেলা ও উৎসবে জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বই পড়ার পাশাপাশি একটি উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। উৎসবের অন্যতম চমৎকার একটি দিক ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির খুদে শিল্পীরা চমৎকার সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাজিব হোসেন এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদকের নাম 


















