
মোঃসাইদুল ইসলাম তানবীর মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জে ‘শয়তানের নিশ্বাস’ প্রয়োগ করে এক নারীকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে দুই যুবক। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পাতারহাট হাসপাতাল রোডের ইমাম ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফেরদৌসী বেগম (৫২) (স্বামী—হাসেম চৌকিদার) উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা/সহায়তার কাজের জন্য ৭-৮ জন প্রতিবন্ধী রোগীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের রক্ত পরীক্ষা করানোর পর হাসপাতালের সামনে অবস্থানকালে আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সী দুই যুবক তার কাছে এসে ব্যাগে কলম আছে কি না জানতে চায়।
ফেরদৌসী বেগম কলম বের করতে গেলে ওই দুই যুবক ‘শয়তানের নিশ্বাস’ প্রয়োগ করে তাকে অচেতন করে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার কাছ থেকে নগদ ১৬ হাজার ৫০০ টাকা, প্রায় ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। ১০ আনা স্বর্ণের চেইন বর্তমান বাজারদর অনুযায়ী এর মূল্য আনুমানিক এক লাখ টাকার কাছাকাছি হতে পারে। পরে জ্ঞান ফিরে এলে ফেরদৌসী বেগম আশপাশের ফার্মেসি ও স্থানীয়দের কাছে বিষয়টি জানান। তবে ততক্ষণে অভিযুক্ত দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ফেরদৌসী বেগম মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। ঘটনার পর পাতারহাট হাসপাতাল রোড এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত এ ধরনের প্রতারণা ও ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিবেদকের নাম 


















