
মোঃ সাইদুল ইসলাম তানভীর, মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ২৩টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চালের ডিও এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান, এমপির বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিয়াজুর রহমান। অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য সরকারি বরাদ্দের ৬০০ কেজি চালের পাশাপাশি প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগে অতিরিক্ত ১ হাজার ৫০০ কেজি চাল ও ৫ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, পিআইও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও পূজামণ্ডপের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বরাদ্দকৃত চাল ও নগদ অর্থ পূজামণ্ডপগুলোর প্রস্তুতি এবং আনুষঙ্গিক কার্যক্রমে সহায়তা করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
প্রতিবেদকের নাম 


















